Views Bangladesh Logo

ইসরায়েলি হামলায় হামাস নেতার ছেলে নিহত

গাজায় ইসরায়েলি হামলায় গুরুতর আহত হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে আজম আল-হাইয়া মারা গেছেন। সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বুধবার সন্ধ্যায় গাজা সিটির পূর্ব দিকে আল-দারাজ এলাকায় ইসরায়েলি হামলায় আজম আল-হাইয়া গুরুতর আহত হন। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আল-শিফা হাসপাতাল থেকে আজমের মরদেহ বহন করে নিয়ে যাচ্ছেন শোকাহত মানুষজন। পরে তাঁকে দাফন করা হয়।

এ ঘটনায় এক বিবৃতিতে হামাস বলেছে, আজমের এই হত্যাকাণ্ড ফিলিস্তিনি নেতাদের পরিবার ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর দখলদার বাহিনীর নীতিরই একটি অংশ। বিবৃতিতে আরও বলা হয়, ‘নেতৃত্বের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এবং হত্যাকাণ্ড চালিয়ে হামাস যোদ্ধাদের রাজনৈতিক অবস্থান পরিবর্তনের এটি একটি ব্যর্থ চেষ্টা মাত্র।’

হামাসের ভাষ্য অনুযায়ী, ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ার পর হামাস নেতৃত্বের ও আলোচনাকারী প্রতিনিধিদলের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবেই এ হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, এর আগেও ইসরায়েলি হামলায় খলিল আল-হাইয়ার আরও তিন ছেলে নিহত হয়েছেন। আজম ছিলেন তাঁর চতুর্থ সন্তান, যিনি ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ