Views Bangladesh Logo

রানওয়েতে আধঘণ্টার ‘ব্ল্যাকআউট’, অন্ধকারে হাঁসফাঁস ইন্ডিগোর যাত্রীরা

উড্ডয়নের ঠিক আগমুহূর্তে হঠাৎ বন্ধ হয়ে গেল বিমানের সব আলো আর শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র। মুহূর্তের মধ্যে ঘুটঘুটে অন্ধকার আর তীব্র গরমে নরককুণ্ডে পরিণত হলো কেবিনের ভেতর। এমন দমবন্ধ পরিস্থিতিতে প্রায় আধা ঘণ্টা বিমানের ভেতরেই আটকে রইলেন যাত্রীরা। ভারতের ভাদোদরা থেকে দিল্লিগামী ইন্ডিগো এয়ারলাইনসের ৬ই৬৫৭ নম্বর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির কারণে এই চরম ভোগান্তির ঘটনাটি ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, বিমানটি রানওয়েতে স্থির অবস্থায় থাকার সময় হঠাৎ গ্রাউন্ড পাওয়ার ইউনিট বিকল হয়ে পড়ে। সাধারণত ইঞ্জিন বন্ধ অবস্থায় আলো ও এসির মতো জরুরি ব্যবস্থাগুলো সচল রাখতে এই ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। গ্রাউন্ড পাওয়ার ইউনিট বিকল হয়ে যাওয়ায় রাত ৮টা ৪০ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩০ মিনিট পুরো বিমানটি অন্ধকার ও প্রচণ্ড গরমে স্থবির হয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, অন্ধকার কেবিনে গরমে ছটফট করছেন যাত্রীরা। একটু বাতাসের আশায় অনেকে হাতের কাছে থাকা ফাইল, সংবাদপত্রসহ নানা জিনিস দিয়ে নিজেদের বাতাস করার চেষ্টা করছেন। এই বিদ্যুৎ-বিপর্যয়ে যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই টেকনিশিয়ানদের দল মেরামতে নেমে বিমানের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সক্ষম হন। রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও বিমানটি শেষ পর্যন্ত রাত ১০টার দিকে দিল্লির উদ্দেশে রওনা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ