দেশে ফিরেই বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল
বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও বীরের মর্যাদায় দেশে ফিরেছে নরওয়ে ফুটবল দল। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দুর্দান্ত পথচলা উপহার দেওয়া দলটিকে সংবর্ধনা জানাতে রাজধানী ওসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হন প্রায় ৯০ হাজার সমর্থক। বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশার চেয়ে নরওয়ের ফুটবলের নতুন সম্ভাবনাকেই উদযাপন করেছেন তারা।
আর্লিং হালান্ডের নেতৃত্বে এবারের বিশ্বকাপে ইতিহাস গড়ে নরওয়ে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে দলটি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিদায় নিলেও এটি বিশ্বকাপ ইতিহাসে নরওয়ের অন্যতম সেরা অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
ওসলোতে পৌঁছে সমর্থকদের সঙ্গে দলের খেলোয়াড়রা তাদের জনপ্রিয় ‘ভাইকিং রো’ উদযাপনে অংশ নেন। পুরো বিশ্বকাপজুড়ে এই উদযাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের যুবরাজ হাকন। তিনি ঢাক বাজিয়ে উদযাপনের নেতৃত্ব দেন। এর আগে মিয়ামিতে অনুষ্ঠিত ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচেও গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন জানিয়েছিলেন তিনি।
সমর্থকদের ভালোবাসায় মুগ্ধ অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, পুরো দেশের এমন অকুণ্ঠ সমর্থন পাওয়া সত্যিই অবিশ্বাস্য এবং এটি তাদের জন্য দারুণ এক অনুভূতি।
এদিকে বিশ্বকাপে সাত গোল করে আলোচনায় থাকা তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ড সোমবার সকালে নরওয়েতে ফিরলেও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিমানের সিঁড়ি দিয়ে নামার একটি ছবি প্রকাশ করেন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি ফ্লাইট ধরার তাড়া থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।
মতামত দিন