ব্রাজিলকে ফেভারিট স্বীকার করে হালান্ড বললেন ‘হারানোর সম্ভাবনা কম’
বিশ্বকাপের শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে প্রতিপক্ষকেই এগিয়ে রাখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম।
ইতিহাস অবশ্য নরওয়ের পক্ষেই। দুই দলের আগের চার দেখায় একবারও নরওয়েকে হারাতে পারেনি ব্রাজিল। তবে অতীতের পরিসংখ্যান নয়, বর্তমান শক্তিমত্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন হালান্ড।
আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড বলেন, ‘সম্ভাবনা খুবই কম।’
এর আগে ব্রাজিলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার প্রতিক্রিয়ায় হালান্ড বলেছিলেন, ‘শেষ ষোলোতে ব্রাজিলের বিপক্ষে খেলতে হবে, এটাই বাস্তবতা।’
শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর ডালাস স্টেডিয়ামে উৎসবে মেতে ওঠেন নরওয়ের সমর্থকরা। ম্যাচ শেষে খেলোয়াড়রাও তাদের ঐতিহ্যবাহী ‘ভাইকিং রোয়িং’ উদ্যাপনে অংশ নেন। এ প্রসঙ্গে হালান্ড বলেন, নরওয়ের মানুষ এখন দারুণ উচ্ছ্বসিত। জাতীয় দলকে ঘিরে পুরো দেশের এই ঐক্য আমাদের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলে।
তবে নকআউট পর্বের কঠিন বাস্তবতার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। হালান্ড বলেন, এখন আমরা শেষ ষোলোতে। এখানে প্রতিটি দলই শক্তিশালী। সামনে এগোনো মোটেও সহজ হবে না। আমরা পারব কি না, সেটাও জানি না। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং সেই প্রস্তুতি ধরে রাখার চেষ্টা করছি।
এবারের বিশ্বকাপে ইতোমধ্যে পাঁচ গোল করেছেন হালান্ড। তার দুর্দান্ত পারফরম্যান্সেই ২৮ বছর পর বিশ্বকাপের মূল পর্বে ফিরেছে নরওয়ে, যারা সর্বশেষ খেলেছিল ১৯৯৮ সালের আসরে।
মতামত দিন