বিজয় একাত্তর হলে ‘গুপ্ত’দেয়াললিখনকে ঘিরে উত্তেজনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলে ‘প্রতিবাদী দেয়াললিখন’ কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
সূত্র জানায়, ছাত্রদলের কর্মীরা প্রতিবাদের অংশ হিসেবে হলের সংসদ কক্ষের সামনে দেয়ালে ‘গুপ্ত’ লিখতে গেলে শিবির-সমর্থিত এক নেতা, যিনি হল সংসদের রিডিং রুম সম্পাদক, তাদের বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ওই নেতা ছাত্রদলের এক কর্মীর উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।
ছাত্রদলের অভিযোগ, ওই শিবির-সমর্থিত নেতা তাদের এক কর্মীর মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করেন। এর প্রতিবাদে ছাত্রদল কর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলে তারা ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলতে পারে না’, ‘ক্যাম্পাসে সন্ত্রাসীদের ঠাঁই নেই’ এবং ‘গুপ্ত, গুপ্ত, জামায়াত-শিবিরের গুপ্ত’—এ ধরনের স্লোগান দেন।
অন্যদিকে, বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসানুল বান্না নিজের ফেসবুক পোস্টে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানান। তিনি লেখেন, “একটি পক্ষ প্রতিবাদের নামে বিজয় একাত্তর হলের অভ্যন্তরীণ সৌন্দর্য ও শৃঙ্খলা নষ্ট করছে। আমি এর নিন্দা জানাই।”

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে