Views Bangladesh Logo

মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তের গুলি

রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। ঘটনার সময় তিনি গাড়িতে না থাকায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে মগবাজার এলাকার বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মগবাজারে আসিফ আকবরের একটি ব্যক্তিগত কার্যালয় রয়েছে। গাড়িটি সেই কার্যালয়ের কাছে বিশাল সেন্টারের সামনে দাঁড় করানো ছিল। ভোরের দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা সেখানে এসে গাড়ির দিকে গুলি ছুড়ে পালিয়ে যায়।

পুলিশের ভাষ্য, গুলির সময় গাড়ির ভেতরে কেউ থাকার তথ্য পাওয়া যায়নি। আসিফ আকবর সেখানে ছিলেন না, তাই তিনি সম্পূর্ণ অক্ষত আছেন।

হামলাকারীরা কারা এবং কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা এখনো স্পষ্ট নয়। আসিফ আকবরের সঙ্গে কারও ব্যক্তিগত বা পেশাগত বিরোধের যোগসূত্র আছে কি না, সে বিষয়েও পুলিশের হাতে এখন পর্যন্ত কোনো তথ্য নেই। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

ঘটনা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে শনিবার সকাল ৯টার দিকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।

সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও পরিচিত মুখ আসিফ আকবর। তিনি বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করেছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ