Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রে পরিবারের ৬ সদস্যকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের মাসকাটিন শহরে নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করেছেন এক বন্দুকধারী। পরে সেই বন্দুকধারী নিজেও আত্মহত্যা করেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (১ জুন) দুপুরের পরপরই পুলিশ গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং একটি বাড়ির ভেতর থেকে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বন্দুকধারী পালিয়ে যায়।

এ ঘটনায় এক বিবৃতিতে মাসকাটিন পুলিশ বিভাগ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে পারিবারিক কলহ। তবে ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান অ্যান্থনি কিস জানান, সন্দেহভাজন বন্দুকধারীকে দ্রুত শনাক্ত করা হয়। তার নাম রায়ান উইলিস ম্যাকফারল্যান্ড (৫২), যিনি মাসকাটিনেরই বাসিন্দা। তাকে শহরের নদীতীরবর্তী একটি পথচারী সেতুর কাছে খুঁজে পাওয়া যায়। পুলিশ কর্মকর্তারা তার সাথে কথা বলার সময় সে নিজেই নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। এরপর আরও হতাহতের তথ্য সামনে এলে পুলিশ অনুসন্ধান চালিয়ে দুটি ভিন্ন স্থান থেকে আরও দুজন পুরুষের মরদেহ উদ্ধার করে। এর মধ্যে একটি পার্শ্ববর্তী বাড়ি এবং অন্যটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে। এই দুজনকেও ম্যাকফারল্যান্ড গুলি করে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহত সবাই বন্দুকধারীর পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

তবে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত দুজন শিশু রয়েছে।

পুলিশ প্রধান আরও জানান, ম্যাকফারল্যান্ডের বিরুদ্ধে আগেও ফৌজদারি মামলা ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি।

প্রায় ২৪ হাজার জনসংখ্যার মাসকাটিন শহরটি মাসকাটিন কাউন্টির প্রশাসনিক কেন্দ্র এবং এটি আইওয়া অঙ্গরাজ্যের রাজধানী ডেস ময়েনস শহর থেকে প্রায় ১৫৫ মাইল পূর্বে অবস্থিত।

সূত্র: রয়টার্স

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ