যুক্তরাষ্ট্রের আইডাহোতে শপিং সেন্টারে বন্দুক হামলা, নিহত ৩
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং সেন্টারে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় আরও অন্তত দুজন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে টুইন ফলসের ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁসংলগ্ন বাণিজ্যিক এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের সড়ক ও একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস জানান, হামলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বন্দুকধারী আর কোনো হুমকি নয়। পরে শহর কর্তৃপক্ষের মুখপাত্র জস পালমার নিশ্চিত করেন, ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন, যাদের মধ্যে হামলাকারীও রয়েছেন। এছাড়া অন্তত দুজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
প্রায় ৪৭ হাজার জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর দক্ষিণাঞ্চলের ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। ঘটনাটির পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
মতামত দিন