কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের আবারও গোলাগুলি
কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে রোববার (২৭ এপ্রিল) রাতের এই গোলাগুলির ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (২৮ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা দাবি করেছে- জম্মু ও কাশ্মিরে নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর টানা চতুর্থ রাতেও বিনা উসকানিতে পাকিস্তানি সেনারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে।
এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, ২৭ থেকে ২৮ এপ্রিল রাতে কুপওয়ারা ও পুঞ্চ জেলার সীমান্তে পাকিস্তানি সেনাঘাঁটি থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র ব্যবহার করে গুলি চালানো হয়। ভারতীয় সেনারা তাৎক্ষণিক এবং কার্যকরভাবে এর জবাব দেয়।
প্রথমবারের মতো পুঞ্চ সেক্টরেও পাকিস্তানের সেনারা সংঘর্ষবিরতি লঙ্ঘন করল বলে দাবি ভারতীয় সেনাবাহিনীর।
এর আগে রোববারও কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছিল।
চীনের সংবাদসংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, কোনো প্ররোচনা ছাড়াই প্রথমে ভারতীয় সেনারা গুলি চালায়, যার পাল্টা জবাব দেয় পাকিস্তানি সেনারা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে