ভারী বৃষ্টিতে গুলশান-শাহজাদপুর লিংক রোডে ধস
টানা ভারী বৃষ্টিতে রাজধানীর গুলশান-শাহজাদপুর লিংক রোডের একটি অংশ ধসে পড়েছে। দীর্ঘ সময় জলাবদ্ধতা এবং পানির তীব্র চাপে সড়কের নিচের মাটি সরে যাওয়ায় সোমবার (১৩ জুলাই) এ ধসের সৃষ্টি হয়েছে। এতে সড়কটিতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।
ধসে পড়া অংশটি ঘিরে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে যানবাহন ধীরগতিতে চলাচল করায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতভর বৃষ্টির পর সকালে রাস্তার একটি অংশ দেবে যেতে দেখা যায়। দ্রুত সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
তাদের ভাষ্য, প্রতিদিন এ সড়ক ব্যবহার করলেও ধসের কারণে এখন বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা ভোগান্তি বাড়িয়েছে।
ট্রাফিক পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনায় এ রুটে যানবাহনগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশনা দেওয়া হচ্ছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশের কারণে যানজট সৃষ্টি হচ্ছে।
তিনি আরও বলেন, প্রয়োজন না হলে আপাতত গুলশান-শাহজাদপুর লিংক রোড ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।
মতামত দিন