রামিসা হত্যার বিচার দাবিতে গুলশান সোসাইটির মানববন্ধন
রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে গুলশান সোসাইটি।
শুক্রবার সকালে গুলশান-২ গোলচত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কর্মসূচিতে নেতৃত্ব দেন গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা। এছাড়াও বক্তব্য দেন যুগ্ম সচিব জয়া কবীর, খাদেম মোহাম্মদ রাইয়ান সাদিদ এবং নারী ও শিশু-বিষয়ক চেয়ারম্যান কামরুন্নাহার।
সমাবেশে মজিবুর রহমান মৃধা বলেন, এ ধরনের ঘটনায় আমরা শোকে মুহ্যমান। শিশুদের নিরাপত্তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মানবজাতির জন্য কলঙ্ক। এমন অনিরাপদ বাংলাদেশ আমরা চাই না।
তিনি সরকার ও বিচার বিভাগের প্রতি দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আমরা দীর্ঘসূত্রতার বিচার চাই না। এই জঘন্য অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
অন্যান্য বক্তারা বলেন, শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে অনেক সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায়। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে দ্রুত বিচার ও কার্যকর শাস্তি নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, বিচার বিলম্বিত হলে সমাজে অপরাধপ্রবণতা বাড়তে পারে। এজন্য রামিসা হত্যাকাণ্ডে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে দায় স্বীকার করে জবানবন্দিও দিয়েছে আসামি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে