রাজধানীর সব পথকুকুরকে টিকাদান শুরু করেছে গুলশান সোসাইটি এবং দাওয়াত
গুলশান সোসাইটি এবং ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্ট (দাওয়াত) নামে অপর একটি সংগঠন শুক্রবার (৪ সেপ্টেম্বর) থেকে যৌথভাবে রাজধানী ঢাকার সকল পথকুকুরকে টিকাদান এবং চিহ্নিত করার জন্য তাদের গলায় কলার পরানোর বিশেষ কাযক্রম শুরু করেছে।
গুলশানের বিচারপতি শাহাবুদ্দীন আহমদ পার্ক এলাকায় সকালে এই টিকাদান ও কলার পরানো কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন গুলশান সোসাইটি এবং ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্টের সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত এবং ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্টের মহাসচীব নাজনীন হক আকবর।
এসময় ব্যারিস্টার ওমর সাদাত বলেন, একটি সভ্য নগরীতে মানুষের পাশাপাশি সকল পশু-পাখির সহাবস্থানের সমান অধিকার রয়েছে।
তিনি বলেন, পথকুকুরও আমাদের নগর সমাজেরই অংশ। তারা আমাদের রাস্তা, পার্ক ও আশপাশের এলাকায় মানুষের সঙ্গে বসবাস করে। একটি মানবিক শহর কুকুর-বিড়ালের প্রতি ভয় বা নিষ্ঠুরতার মাধ্যমে প্রতিক্রিয়া জানায় না। বরং দায়িত্ব, সহমর্মিতা ও বাস্তবসম্মত উদ্যোগের মাধ্যমে সাড়া দেয়।
ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্ট এবং গুলশান সোসাইটি যৌথভাবে সমগ্র ঢাকার সকল পথকুকুরকে টিকা দেওয়া এবং তাদের শনাক্ত করার জন্য কলার পরানোর অভিপ্রায় ব্যক্ত করে ব্যারিস্টার ওমর সাদাত বলেন, টিকাদান প্রাণী ও মানুষ; উভয়ের সুরক্ষায় সহায়তা করবে। কলার পরানো হলে বাসিন্দা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ টিকাপ্রাপ্ত কুকুরগুলোকে সহজে শনাক্ত করতে পারবেন।
ঢাকা অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যালায়েন্স ট্রাস্টের মহাসচীব নাজনীন হক আকবর বলেন, এই পৃথিবী শুধু মানুষের জন্য সৃষ্টি হয়নি। সকল প্রাণীর বেচেঁ থাকার সমান অধিকার রয়েছে। অন্যথায় পৃথিবী ভারসাম্যহীন হয়ে পড়বে এবং বসবাসের অনুপোযোগী হয়ে পড়বে।
তিনি পশু-পাখি বা সকল প্রাণীর প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবৃর রহমান মৃধা, যুগ্ম মহাসচিব জয়া কবীরসহ স্থানীয় বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
মতামত দিন