Views Bangladesh Logo

আওয়ামী লীগের মিছিল: পাঁচ দিন পর গুলশান থানার ওসি প্রত্যাহার

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পাঁচ দিন পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাকে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়। তাকে ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশান-১ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী ঝটিকা মিছিল করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সেখানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথাও জানানো হয়।

ওই ঘটনায় কয়েকজনকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং মামলায় আরও কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গুলশানের ওই মিছিলের বিষয়ে আগে থেকেই গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ১৫ সেপ্টেম্বর তিনি বলেন, পুলিশ নির্দিষ্ট সময়ে বিষয়টি সঠিকভাবে অনুধাবন বা বুঝতে সক্ষম হয়নি। তবে এটিকে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা বলার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর একদিন পরই গুলশান থানার ওসিকে প্রত্যাহারের আদেশ এলো।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ