Views Bangladesh Logo

গুলশানে ফ্ল্যাট দুর্নীতির মামলা: টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ৬ মে

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ৬ মে দিন ধার্য করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই তারিখ ধার্য করেন। এ মামলার অপর আসামি হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেন।

আজ অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে শুনানি না নিয়ে আদালত নতুন তারিখ ধার্য করেন। দুদকের পিপি মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে টিউলিপসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে অভিযোগ আমলে নিয়ে আদালত গত ১৮ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন আদালত।

অবৈধ সুবিধা নিয়ে গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ আনা হয়, তারা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধভাবে ওই ফ্ল্যাটটি দখলে নেন এবং পরে রেজিস্ট্রি করেন।

মামলার তদন্ত চলাকালে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। স্থগিতাদেশটি আপিল বিভাগেও বহাল থাকায় তাঁর বিরুদ্ধে তদন্ত এখনো স্থগিত রয়েছে।

গত বছরের ১১ ডিসেম্বর তদন্ত শেষে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।

উল্লেখ্য, মা ও ভাই-বোনদের তিনটি প্লট বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির মামলায় ইতোমধ্যে টিউলিপ সিদ্দিককে প্রতি মামলায় দুই বছর করে মোট ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার অন্য একটি বিশেষ জজ আদালত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ