Views Bangladesh Logo

পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশন। ‘রোড ডিভাইডারে গাছ লাগাই, সবুজে সাজাই শহর সবাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তেজগাঁওয়ে বিএসটিআই ও দৈনিক আমাদের সময় কার্যালয়ের মধ্যবর্তী সড়ক বিভাজকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির উদ্বোধন করেন গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান এবং দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম। এ সময় সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার, আমাদের সময়ের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম, অনলাইন ইনচার্জ বিপুল হাসান, সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ ক্বাফী, শাহজান মোল্লাসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে শিকদার এন্টারপ্রাইজ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও পরিবেশ দূষণের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে গাছ লাগাতে হবে।

দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম বলেন, পৃথিবী দিন দিন উষ্ণ হয়ে উঠছে। তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত সংকট মোকাবিলায় বেশি বেশি গাছ লাগাতে হবে।

তিনি বলেন, নিমগাছ তুলনামূলক বেশি অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে প্রত্যেকের অন্তত একটি করে গাছ লাগানো উচিত।

গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান বলেন, বিশ্বব্যাপী উষ্ণায়নের প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ প্রয়োজন। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে সড়ক বিভাজকে নিমগাছের চারা রোপণ করা হয়েছে। তিনি বলেন, নিম একটি উপকারী ও ঔষধিগুণসম্পন্ন গাছ, যা পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের সেক্রেটারি রণজিৎ সরকার বলেন, একটি গাছ শুধু পরিবেশ সুন্দর করে না, এটি মানুষের জীবন রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বায়ুদূষণ কমানোর মাধ্যমে গাছ একটি বাসযোগ্য নগর গঠনে সহায়তা করে। তিনি বলেন, সড়ক বিভাজকে রোপিত প্রতিটি চারা দূষণের বিরুদ্ধে একেকটি প্রতিরোধ এবং সবুজ ভবিষ্যতের প্রতীক।

তিনি আরও বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে সমানভাবে দায়িত্বশীল হতে হবে। কারণ প্রকৃতিকে রক্ষা করা মানেই মানবসভ্যতার অস্তিত্ব রক্ষা করা।

গ্রিন কনসার্ন’স ফাউন্ডেশন জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন এলাকাতেও বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ