Views Bangladesh Logo

বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোজ্ঞ ফ্লাই পাস্ট অনুষ্ঠিত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে আড়াই ঘণ্টাব্যাপী বর্ণাঢ্য কুচকাওয়াজ ও মনোমুগ্ধকর ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। পুরো আয়োজনটি ছিল সামরিক শৃঙ্খলা, আধুনিক প্রযুক্তি এবং জাতীয় ঐতিহ্যের এক বিশাল প্রদর্শনী।

অনুষ্ঠানে প্রথমেই শুরু হয় কুচকাওয়াজ। এতে সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরিদর্শন শেষে রাষ্ট্রপতি কুচকাওয়াজের অনুমতি দিলে শুরু হয় মূল মার্চপাস্ট। সেনা, নৌ, বিমান বাহিনী, বিজিবি ও র‍্যাবের বিভিন্ন দল শৃঙ্খলাবদ্ধভাবে অংশ নেয়। এ সময় কবিতা আবৃত্তি ও সামরিক বাদ্যযন্ত্রের সুরে পুরো পরিবেশ দেশপ্রেমে ভরে ওঠে।

সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে আকাশে শুরু হয় বিশেষ প্যারাট্রুপার প্রদর্শনী। জাতীয় পতাকাসহ বিভিন্ন পতাকা নিয়ে প্যারাস্যুটে নেমে আসেন সেনা সদস্যরা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে।

এরপর আকাশে একের পর এক উড়তে থাকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ বিভিন্ন বাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান। পুরো আকাশজুড়ে চলে সমন্বিত উড্ডয়ন প্রদর্শনী।

বেলা ১১টা ১০ মিনিটের পর শুরু হয় স্থল ও সমরাস্ত্র প্রদর্শনী। এতে ট্যাংক, এপিসি, রাডার সিস্টেম, ড্রোন, মাইন ক্লিয়ারিং যানসহ আধুনিক সামরিক প্রযুক্তির বিস্তৃত প্রদর্শন করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকেও সাবমেরিন, টর্পেডো ও ড্রোন প্রযুক্তি প্রদর্শিত হয়। বিজিবি ও ফায়ার সার্ভিসও তাদের সক্ষমতা তুলে ধরে।

পরে বিমানবাহিনীর ফ্লাই পাস্টে যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে উড়ে রঙিন ধোঁয়ার মাধ্যমে জাতীয় আকাশকে রাঙিয়ে তোলে। জাতীয় পতাকা, সেনা, নৌ ও বিমানবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টারগুলো আকাশে প্রদক্ষিণ করে দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে।

দর্শনার্থীরা জাতীয় পতাকা আকাশে উড়তে দেখে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। সবশেষে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুপুর ১২টার দিকে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ