পাঁচ বছরের পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ: সংসদে আইনমন্ত্রী
পাঁচ বছরের বেশি পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (৭ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২০তম দিনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি। অধিবেশনের এই পর্যায়ে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
লিখিত জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ‘দীর্ঘদিন বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ফরেনসিক ও বিশেষজ্ঞ রিপোর্ট সংগ্রহসহ মামলার তদন্ত কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কগনিজেন্স ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক তদন্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। পাঁচ বছরের অধিক পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
এ ছাড়া জেলা আইনশৃঙ্খলা সভা এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।
মতামত দিন