প্রতিবন্ধীদের জন্য মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের যাতায়াত আরও সহজ করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড়ের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধী ও সেরিব্রাল পালসিতে আক্রান্ত শিশুদের জন্য নতুন পুনর্বাসন কেন্দ্র ‘সিএসএফ সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেট প্রণয়ন ও নীতিনির্ধারণে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমান অধিকার, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে। তাদের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, দেশের প্রতিটি জেলায় প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত শিক্ষাব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে মেট্রোরেলে ৫০ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
ডা. এম এ মুহিত বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে শুধু স্বাস্থ্যসেবা নয়, শিক্ষা, কর্মসংস্থান ও গণপরিবহনে সমান সুযোগ নিশ্চিত করাও জরুরি।
উল্লেখ্য, এর আগে প্রবীণ নাগরিক ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মেট্রোরেল ও ট্রেনে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন মন্ত্রণালয়। গত ২৫ জুন থেকে সেই সুবিধা কার্যকর হয়েছে। নতুন ঘোষণা বাস্তবায়িত হলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা মেট্রোরেলে আরও বেশি ভাড়া ছাড়ের সুবিধা পাবেন।
মতামত দিন