Views Bangladesh Logo

স্বাস্থ্য অধিদপ্তরের ৩৫ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ

মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করতে স্বাস্থ্য অধিদপ্তরের ১১ থেকে ২০তম গ্রেডের প্রায় ৩৫ হাজার শূন্য পদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সরকারের ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির আওতায় ধাপে ধাপে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ এন এম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় শূন্য পদগুলো দ্রুত পূরণের বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে এ সংক্রান্ত নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক এবং সিভিল সার্জনদের কাছে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত আগস্ট পর্যন্ত সংস্থাটিতে অনুমোদিত পদের সংখ্যা ছিল ১ লাখ ২৭ হাজার ১০১টি। এর মধ্যে প্রায় ৩৬ শতাংশ পদই শূন্য রয়েছে। প্রথম থেকে নবম গ্রেডে প্রায় ৩ হাজার ২০০ চিকিৎসক ও দন্ত চিকিৎসক নিয়োগ দেওয়ার পরও এ পর্যায়ে প্রায় ২৪ শতাংশ পদ এখনো খালি রয়েছে।

জনবল সংকট সবচেয়ে বেশি দেখা দিয়েছে ১১ থেকে ১৬তম গ্রেডে। এ স্তরে স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও মেডিকেল টেকনোলজিস্টসহ বিভিন্ন পদের মোট অনুমোদিত সংখ্যা ৫৬ হাজার ৯০৮। এর মধ্যে ২০ হাজার ৯৯৫টি পদে বর্তমানে কোনো জনবল নেই।

এ ছাড়া ১৭ থেকে ২০তম গ্রেডেও বড় ধরনের শূন্যতা রয়েছে। এ চার গ্রেডে অনুমোদিত ২৬ হাজার ২৯৫টি পদের বিপরীতে ১৩ হাজার ৯৪৫টি পদই শূন্য রয়েছে। ফলে মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা দিতে গিয়ে এসব পদে কর্মরতদের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপ তৈরি হচ্ছে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এ এন এম বজলুর রশীদ জানিয়েছেন, শূন্য পদগুলো পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে নিয়োগ কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রও ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

মাঠ পর্যায়ের জনবল সংকট কমানোর পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে চিকিৎসক নিয়োগের উদ্যোগও এগিয়ে নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৪ হাজার ৭০০ জন সহকারী সার্জন এবং ৩০০ জন সহকারী ডেন্টাল সার্জন নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ