জ্বালানি সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে বিশেষ কমিটির উদ্যোগ
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের সমন্বয়ে দশ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রস্তাব দিলে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাতে সমর্থন জানান।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল বিরোধীদলীয় নেতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব দিয়েছিলেন। এটি একটি বৈশ্বিক সমস্যা, যার তাপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় দেশের ও মানুষের স্বার্থে যে কারও সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।’
উল্লেখ্য, গতকাল বুধবার সংসদে জ্বালানি সংকট নিয়ে বিরোধীদলীয় নেতার উত্থাপিত আলোচনা প্রস্তাবের ওপর উভয় পক্ষের সংসদ সদস্যরা অংশ নেন। সেখানে যৌথ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের অভিমত উঠে আসে এবং তারই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী এই কমিটি গঠনের উদ্যোগ নেন।
সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটিতে রয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, মানিকগঞ্জ-২ আসনের মঈনুল ইসলাম খান শান্ত এবং শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন অপু। কমিটির সভাপতি হিসেবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিরোধী দলকে দ্রুত তাদের পাঁচ সদস্যের নাম জমা দেওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রীর প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। এটি এই সংসদের জন্য একটি নবযাত্রা। আমরা শিগগিরই আমাদের নামগুলো পেশ করব।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উভয় পক্ষের এই সমঝোতাকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যেকোনো সমস্যার সমাধান করা সম্ভব।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে