Views Bangladesh Logo

প্রতিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের প্রতিটি উপজেলায় বিদ্যমান ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নেওয়ার পরিবর্তে শুরু থেকেই রোগ প্রতিরোধে গুরুত্ব দিতে চায় সরকার। প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা জোরদার করা গেলে একদিকে মানুষের সুস্থতা নিশ্চিত হবে, অন্যদিকে হাসপাতালগুলোতেও রোগীর চাপ কমবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে তিনি একজন প্রতিবন্ধী ব্যক্তিকে টিকা খাওয়ানোর মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে দেশজুড়ে এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় বর্তমান সরকার চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই দেশের ইতিহাসে এবার স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে। স্বাস্থ্যসেবার অবকাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

কলেরা ও ডায়রিয়াজনিত রোগ প্রতিরোধে ওরাল কলেরা টিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি সহজে গ্রহণযোগ্য মুখে খাওয়ার টিকা। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম, চরাঞ্চল ও পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষের কাছেও এ টিকা পৌঁছে দিতে হবে।

এ কর্মসূচিকে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে ড. এম এ মুহিত বলেন, টিকাদান কর্মসূচিকে একটি কার্যকর সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ