রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নেয়া হয়েছে: আইনমন্ত্রী
আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের বিষয়ে সরকার সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেনের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে সরকার এরইমধ্যে কার্যক্রম শুরু করেছে।’
মো. আসাদুজ্জামান বলেন, ‘অন্তর্বর্তী সরকার এর আগে এ ধরনের মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি গঠন করেছিল। ওই কমিটির নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী কোনো হত্যা মামলা প্রত্যাহার করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘গত ৫ মার্চ জেলা প্রশাসকদের সমন্বয়ে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যা হয়রানিমূলক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করবে। এর ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি জেলা কমিটির সুপারিশ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিচ্ছে।’
আইনমন্ত্রী বলেন, ‘সংসদ সদস্যসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিকভাবে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য যথাযথ প্রক্রিয়ায় আবেদন করা হলে তা পর্যালোচনা করা হবে। কোনো মামলা হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’
এ ছাড়াও আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে কোনো আইনি বা প্রশাসনিক প্রতিবন্ধকতা ছিল না। তবে বিচারকদের বদলি ও পদায়নে দলীয় আনুগত্যকে গুরুত্ব দেয়া হতো।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে