সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনে সরকারি দলের উদ্যোগ
সরকারি দল সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৪তম দিন বুধবার (২৯ এপ্রিল) রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার আগে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব তুলে ধরেন তিনি। আইনমন্ত্রী জানান, প্রচলিত সাংবিধানিক চর্চার ধারাবাহিকতায় তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব উপস্থাপন করেছেন।
সংসদের রুল ২৬৬ অনুযায়ী ১২ সদস্যের একটি প্রাথমিক তালিকা ঠিক করা হয়েছে বলে তিনি জানান। এতে বিএনপি থেকে সাতজন এবং গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে পাঁচজন রাখা হয়েছে। বিরোধী দলের অনুপাত প্রায় ২৬ শতাংশ হওয়ায় তাদের পক্ষ থেকে আরও পাঁচজনের নাম চাওয়া হয়েছে। বিরোধী দল নাম দিলে মোট ১৭ সদস্যের কমিটি গঠন করা সম্ভব হবে এবং 'জুলাই সনদ'-এর আলোকে সংবিধান সংশোধনের কাজ এগিয়ে নেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্পিকারও ট্রেজারি বেঞ্চ থেকে ১২ সদস্যের তালিকা প্রায় চূড়ান্ত হওয়ার কথা জানিয়ে বিরোধী দলকে দ্রুত পাঁচজনের নাম দেওয়ার আহ্বান জানান।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, বিষয়টি নিয়ে চিফ হুইপ তার সঙ্গে আলোচনা করেছেন। তবে তাদের দল 'সংস্কার' চায়, অথচ প্রস্তাবে এসেছে 'সংশোধন' — এ বিষয়ে আগে থেকেই মতপার্থক্য রয়েছে। দলীয় আলোচনার পর তারা মতামত জানাবেন বলে তিনি জানান।
জবাবে আইনমন্ত্রী বলেন, বিরোধী দলের অবস্থানে তাদের আপত্তি নেই। প্রয়োজনে পরবর্তী অধিবেশন পর্যন্ত অপেক্ষা করতেও তারা প্রস্তুত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে