Views Bangladesh Logo

সব দেশের সঙ্গে সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করবে বাংলাদেশ: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রতিটি দেশের সঙ্গে আমাদের যে সম্ভাবনা রয়েছে, সেটি অর্থনৈতিক হোক বা অন্য যেকোনো ক্ষেত্রে, সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাবো। তবে সবকিছুই হবে আমার দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে। আমরা কোথাও কমপ্রোমাইজ করবো না। শুরু থেকেই বিএনপি বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তির ওপরই পরিচালিত হয়েছে। আমাদের পররাষ্ট্রনীতি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের নীতির ওপর প্রতিষ্ঠিত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এই সফর সেই নীতিরই প্রতিফলন। বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের যে মানদণ্ড, তিনি তা পুনর্ব্যক্ত করেছেন। বিএনপির রাজনীতিতেও শুরু থেকেই এই নীতি অনুসরণ করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার যে নীতি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান সরকারও সেই ধারাই অনুসরণ করছে।

অর্থমন্ত্রী বলেন, মালয়েশিয়ার সঙ্গে আমাদের শ্রমবাজারে একটি বড় স্বার্থ জড়িত। পাশাপাশি, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগেও দেশটির সঙ্গে আমাদের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, চীনের সঙ্গে আমাদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পে সহযোগিতা রয়েছে। এছাড়াও, বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারও হলো চীন।

প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়ার সময় কিংবা ফিরে আসার সময় বিমানবন্দরে হাজারো মানুষের সম্বর্ধনার সংস্কৃতি থেকে সরে এসেছেন। এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি বড় পরিবর্তন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ