সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে: প্রধানমন্ত্রী
সম্ভাবনাময় উদ্যোক্তাদের আইসিটি বিভাগের স্টার্টআপ তহবিল থেকে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বিশেষ বাজেট রাখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আইসিটি মন্ত্রণালয় থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। পাঁচ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করব।
তিনি বলেন, আমরা চিন্তা করেছি, এমন উদ্যোক্তা থাকেন যাকে ব্যাংকের ভোগান্তি, সিকিউরিটি বা কাগজ দিতে হয়, এটি যেন ফেস করতে না হয়, সেজন্য কমিটি করা হয়েছে। এতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই। প্রকল্পের সম্ভাবনা যাচাই করে তারা অর্থায়নের সিদ্ধান্ত নেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধনও করা হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান জামানতবিহীন উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, এ সংক্রান্ত নিরপেক্ষ কমিটি সংশ্লিষ্ট উদ্যোক্তার প্রজেক্ট দেখে তারা ফান্ড করবে।
আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, যে হেল্প করা হবে, সেটি পাবলিক মানি। যদি পটেনশিয়াল থাকে, ফের ফান্ডের বিষয়টি চিন্তা করা হবে। কারণ অনেকের ব্যবসা শুরুতেই ভালো হয় না। সেক্ষেত্রে সম্ভাবনা থাকলে দ্বিতীয়বার সুযোগ পাবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানায়, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান, গবেষণা ও উদ্ভাবন এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠন করা হয়েছে।
মতামত দিন