১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচিত প্রত্যেক শিক্ষককে ১ লাখ টাকা করে মোট ১ কোটি টাকা দেওয়া হবে।
রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভায় এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা দিত। বর্তমান সরকার শিক্ষকদের মর্যাদা, সহযোগিতা ও কাজের স্বীকৃতি দিতে চায়। সে লক্ষ্যেই ১০০ জন শিক্ষককে নির্বাচন করে প্রত্যেককে ১ লাখ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা ভালো কাজ করেছেন, তাদের কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত করা এবং উৎসাহিত করা সরকারের দায়িত্ব। এ উদ্যোগ প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী জানান, গুণী শিক্ষক সম্মাননার জন্য একটি নীতিমালা চূড়ান্ত করা হবে। এ বিষয়ে স্টিয়ারিং কমিটির সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। সম্মাননার সংখ্যা, অর্থের পরিমাণ, নির্বাচন-সংক্রান্ত নির্দেশনা ও বাজেট নিয়েও আলোচনা হবে।
আগের সরকারের সময়ে ১২ জন শিক্ষককে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বা নির্দিষ্ট নীতিমালা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আগের সরকার কী নীতিমালা অনুসরণ করেছে, সে বিষয়ে তিনি মন্তব্য করতে চান না। তবে বর্তমান সরকার নিজস্ব নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে কোনো নৈতিক দুর্বলতা রাখতে চায় না।
তিনি বলেন, এ কারণেই ব্যাপক পরিসরে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে, যাতে গুণী শিক্ষক নির্বাচন ও সম্মাননা প্রদানের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়।
মতামত দিন