Views Bangladesh Logo

নতুন বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ল ১ হাজার ৫৯৩ কোটি

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে দেশের ইতিহাসে সর্ববৃহৎ ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং দেশের ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে মোট ৪২ হাজার ২৯১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দ ৪০ হাজার ৫০২ কোটি টাকার চেয়ে ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।

বরাদ্দের বিস্তারিত বিভাজনে দেখা যায়, প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা, উন্নয়নমূলক প্রকল্পে ১ হাজার ৬১১ কোটি টাকা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন অন্যান্য সার্ভিসের পরিচালন ব্যয়ে ১ হাজার ৯৫৯ কোটি টাকা রাখা হয়েছে।

মূলত ফোর্সেস গোল ২০৩০ বাস্তবায়নের ধারাবাহিকতায় সামরিক বাহিনীর সক্ষমতা আরও সুসংহত করতে এই বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী জানান, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এই বাজেটের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি তৈরি হচ্ছে, যা মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক— উভয় উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে সরকার।

সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী সংসদে উপস্থাপনের আগে বাজেটটি মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং এতে সম্মতি প্রদান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

সরকার আশা করছে, এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি প্রতিরক্ষা খাতের আধুনিকায়নসহ সামগ্রিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ