Views Bangladesh Logo

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী বাড়াতে দেশজুড়ে প্রচারণা চালানোর নির্দেশ

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বাড়াতে দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সরকারি কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ভর্তিপ্রক্রিয়া সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং কারিগরি শিক্ষার সুবিধা সর্বসাধারণের কাছে তুলে ধরতে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার টাঙানোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রচারের মতো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের শাখা-২ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে সব সরকারি কারিগরি প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি কারিগরি প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি (বিএমটি) কোর্সে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া এসএসসি (ভোকেশনাল), প্রি-ভোকেশনাল (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) এবং বিভিন্ন মেয়াদি স্বল্পমেয়াদি কোর্সেও নির্ধারিত সময়ে শিক্ষার্থী ভর্তি করা হয়।

অধিদপ্তর জানায়, কারিগরি শিক্ষার প্রসার ও সুফল সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এবং প্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ শিক্ষার্থী ভর্তি নিশ্চিত করতে এই ভর্তি কার্যক্রমের ব্যাপক প্রচার জরুরি।

নির্দেশনা অনুযায়ী, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন জনসমাগমস্থল, হাটবাজার এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে লিফলেট বিতরণ, ব্যানার-পোস্টার স্থাপন ও মাইকিং করতে হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারচিত্র (টিভিসি) ও ভিডিও ডকুমেন্টারি সম্প্রচারসহ নানামুখী কার্যকর প্রচার চালানোর ওপর জোর দেওয়া হয়েছে।

প্রচার-প্রচারণার খরচের বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচলিত আর্থিক বিধিবিধান মেনে রাজস্ব বাজেটের সংশ্লিষ্ট অর্থনৈতিক কোডে বরাদ্দকৃত অর্থ অথবা প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে এই ব্যয় মেটানো যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ