সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘বিএনপি সরকার তিস্তা মহাপরিকল্পনা কখনই বাস্তবায়ন করতে পারবে না। এই সরকারের প্রতি কোনও দেশের আস্থা নেই। এই সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্র কেউ তাদের বিশ্বাস করছে না। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার যে সিদ্ধান্ত নিয়েছেন, সেই ঘোষণাকে আমরা স্বাগত জানাই। তার দেশে আসা উচিত। এ দেশের জন্য তার বাবা ও পরিবারের অনেক অবদান আছে। তিনি এলে আওয়ামী লীগের যে অস্তিত্ব সংকট চলছে, সেটা দূর হবে। তিনি না আসলে দেশ বড় ধরনের অস্থিরতার মধ্যে পড়বে।’
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত শেষে শোকসভায় এসব কথা বলেন তিনি। হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জি এম কাদের বলেন, ‘দেশের বিভিন্ন জেলা এখন বন্যার পানিতে ডুবে আছে। বানভাসি মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি আমি। প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি নিজে ওসব এলাকায় যান, বানভাসিদের অবস্থা দেখেন। শুধু দলের নেতা-মন্ত্রীদের পাঠিয়ে কোনও লাভ হবে না। বন্যাদুর্গত মানুষের দুঃখ ও কষ্ট লাঘবে এই সরকারের দৃশ্যমান কোনও পদক্ষেপ নেই। বরং সরকারি আর বিরোধীদলের নেতারা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ফটোসেশন করছেন।’
তিনি বলেন, ‘২৪-এর জুলাই আন্দোলনকে আমি গণ-অভ্যুত্থান মনে করি না। এটা ছিল গণ-আন্দোলন। এই আন্দোলন সফলও নয় বিফলও নয়। এটাকে গণ-অভ্যুত্থান বলা যায় না। তবে ২৪-এর গণ-আন্দোলন এখনও শেষ হয়নি। এই আন্দোলন একদিন অবশ্যই গণ-অভ্যুত্থানে রূপ নেবে। সেদিন দূরে নয়।’
মতামত দিন