Views Bangladesh Logo

সরকারের হাতে আলাদিনের চেরাগ নেই, সমস্যা সমাধানে সময় লাগবে: ডিএসসিসি প্রশাসক

দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারের হাতে ‘আলাদিনের চেরাগ’ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। তিনি বলেছেন, দেশের সামনে থাকা বড় বড় সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। এসব সংকট কাটাতে সরকারকে সময় দেওয়ার পাশাপাশি সহযোগিতাও করতে হবে।

শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিডি কমার্শিয়ালের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, দায়িত্ব নেওয়ার সময় সরকার দেশের প্রায় সব খাতে বিশৃঙ্খল পরিস্থিতি পেয়েছে। অর্থনীতির অবস্থা ভালো না থাকলে অন্যান্য খাতেও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা কঠিন। কারণ দেশের প্রায় প্রতিটি খাতই কোনো না কোনোভাবে অর্থনীতির সঙ্গে যুক্ত।

তিনি বলেন, অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে, যার প্রভাব বাংলাদেশসহ বিভিন্ন দেশে পড়েছে। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ খাতেও নানা সংকট রয়েছে।

গ্যাসের বিষয়ে আব্দুস সালাম বলেন, আগের সময়ে দেশে গ্যাস উত্তোলনের দিকে যথেষ্ট গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভরতার ওপর বেশি জোর দেওয়া হয়েছিল। এতে কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হয়েছিল বলে তিনি দাবি করেন। পাশাপাশি ব্যাংকের অর্থ লোপাট ও বিভিন্ন অনিয়মের কারণে অর্থনীতিতে যে ক্ষতি হয়েছে, তা দ্রুত পূরণ করা কঠিন। তবে এসব সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও জানান তিনি।

বিদ্যুৎ ও গ্যাসের সংকট পুরোপুরি দূর করা সম্ভব না হলেও পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন ডিএসসিসি প্রশাসক। বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো আবার চালু করার মতো পরিবেশ তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। দেশের পরিস্থিতি আরও উন্নত করতে কিছুটা সময় প্রয়োজন উল্লেখ করে তিনি সরকারকে সহযোগিতা ও ধৈর্য ধরার আহ্বান জানান।

এ সময় ডেঙ্গু নিয়েও কথা বলেন আব্দুস সালাম। তিনি বলেন, শুধু মশা নিধন করলেই ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়; মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাসাবাড়ি, আশপাশের ড্রেন ও ছাদে পানি জমে থাকলে তা দ্রুত অপসারণে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। ডেঙ্গুতে যেন কোনো মানুষের মৃত্যু না হয়, সে জন্য মশার জন্মস্থল ধ্বংসের ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে বিডি কমার্শিয়ালের নবনির্বাচিত সভাপতি মো. আব্দুর রহিম জিন্নাহ সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. কাফি খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক মো. বেলায়েত হোসেন রিপন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ