পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত সরকারের
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের নীতিগত সিদ্ধান্ত সরকার নিয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আলী হোসেন ফকির জানান, পূর্বাচলে আইনশৃঙ্খলা জোরদারে ডিএমপির আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
আইজিপি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।
মতামত দিন