খামেনি আমাকে মারার আগেই তাকে শেষ করেছি: ট্রাম্প
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র–ইসরায়েলের বিমান হামলায় নিহত হওয়ার দুই দিন পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনি তাকে দু’বার হত্যার চেষ্টা করেছিলেন। তবে তিনি আগে আঘাত হেনেছেন বলে মন্তব্য করেন ট্রাম্প।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় এবিসি নিউজের চিফ ওয়াশিংটন করেসপন্ডেন্ট জনাথন কার্লের সঙ্গে ফোনালাপে ট্রাম্প এ মন্তব্য করেন।
এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কার্ল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ট্রাম্প বলেছেন: ‘আমাকে ধরার আগেই তাকে (খামেনি) শেষ করেছি। তারা দু’বার চেষ্টা করেছিল। আমি তাকে প্রথমেই শেষ করেছি।’
মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এর আগে ২০২৪ সালে ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি ষড়যন্ত্রের মূল্যায়ন করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প খামেনিকে ‘ইতিহাসের অন্যতম দুষ্ট ব্যক্তি’ আখ্যা দিয়ে তার মৃত্যুকে ইরানি জনগণ, আমেরিকান এবং বিশ্বজুড়ে খামেনির শাসনে ক্ষতিগ্রস্তদের জন্য ন্যায়বিচার বলে দাবি করেন।
তিনি আরও বলেন, খামেনি ও অন্য লক্ষ্যবস্তু নেতারা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য ও অত্যাধুনিক ট্র্যাকিং ব্যবস্থার হাত থেকে রক্ষা পেতে পারেননি এবং এতে ইসরায়েলের সমন্বয় ছিল।
ট্রাম্প এ হামলাকে ইরানি জনগণের জন্য ‘দেশ পুনরুদ্ধারের সর্বোত্তম সুযোগ’ হিসেবে উল্লেখ করে নাগরিকদের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২৪ সালে ট্রাম্প দু’টি কথিত হত্যাচেষ্টার মুখোমুখি হন। জুলাইয়ে পেনসিলভানিয়ায় এক সমাবেশে তার কানে গুলি লাগে। সেপ্টেম্বরে ওয়েস্ট পাম বিচে গলফ খেলার সময় এক ব্যক্তি তাকে লক্ষ্য করে রাইফেল তাক করার অভিযোগে গ্রেপ্তার হন।
এদিকে ২০০৮ সালে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত আফগান নাগরিক ফরহাদ শাকেরির বিরুদ্ধে আইআরজিসির পক্ষে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
মার্কিন বিচার বিভাগ তাকে ‘ইরানি সম্পদ’ হিসেবে উল্লেখ করে। তবে শাকেরি কর্তৃপক্ষকে জানিয়েছেন, নির্ধারিত সময়সীমার মধ্যে পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা তার ছিল না। ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে