এআই দিয়ে বানানো বিজ্ঞাপন চেনাবে গুগলের নতুন ফিচার
কোনো বিজ্ঞাপন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে কি না, তা এখন থেকে আরও সহজে জানতে পারবেন ব্যবহারকারীরা। এ জন্য গুগল চালু করছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে বিজ্ঞাপনে এআই ব্যবহারের তথ্য আরও স্বচ্ছভাবে দেখানো হবে।
এআই প্রযুক্তির অগ্রগতির ফলে এখন প্রতিষ্ঠানগুলো কম খরচে ও অল্প সময়ে বাস্তবধর্মী বিজ্ঞাপন তৈরি করতে পারছে। অনেক ক্ষেত্রে বাস্তবে ছবি না তুলেই এআই দিয়ে এমন ছবি তৈরি হচ্ছে, যা আসল ছবি থেকে আলাদা করা কঠিন। এতে বিভ্রান্তির ঝুঁকি থাকায় বিজ্ঞাপনে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে গুগল।
গুগল জানিয়েছে, নতুন সুবিধাটি ‘মাই অ্যাড সেন্টার’ (My Ad Center)-এ যুক্ত করা হচ্ছে। গুগল সার্চ, ইউটিউব ও গুগল ডিসকভারে প্রদর্শিত কোনো বিজ্ঞাপনের পাশে থাকা তিন ডট (⋮) বা তথ্যচিহ্নে ক্লিক করলেই এই প্যানেলে প্রবেশ করা যাবে। ধাপে ধাপে বিশ্বের সব অঞ্চলের ব্যবহারকারীদের জন্য ফিচারটি চালু করা হবে।
নতুন আপডেটের পর ‘হাউ দিস অ্যাড ওয়াজ মেড’ (How this ad was made) নামে একটি নতুন অপশন দেখা যাবে। সেখানে উল্লেখ থাকবে, বিজ্ঞাপনটি পুরোপুরি এআই দিয়ে তৈরি হয়েছে, নাকি পরে এআই ব্যবহার করে সম্পাদনা করা হয়েছে।
গুগলের নিজস্ব জেনারেটিভ এআই টুল ব্যবহার করে বিজ্ঞাপন তৈরি হলে এই তথ্য স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে। তবে অন্য কোনো এআই প্ল্যাটফর্ম বা সফটওয়্যার ব্যবহার করা হলে বিজ্ঞাপনদাতাকেই জানাতে হবে যে বিজ্ঞাপন তৈরিতে এআই ব্যবহার করা হয়েছে। এ ক্ষেত্রে গুগল নিজে থেকে তথ্য যাচাই করবে না।
বর্তমানে ‘মাই অ্যাড সেন্টার’ থেকে ব্যবহারকারীরা বিজ্ঞাপন ব্লক বা রিপোর্ট করার পাশাপাশি বিজ্ঞাপনদাতা সম্পর্কে তথ্য এবং কেন নির্দিষ্ট বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে, সেটিও জানতে পারেন।
এ ছাড়া যেসব দেশে স্থানীয় আইন অনুযায়ী এআই দিয়ে তৈরি বা সম্পাদিত বিজ্ঞাপনের তথ্য প্রকাশ বাধ্যতামূলক, সেখানে সংশ্লিষ্ট বিজ্ঞাপনে আলাদা এআই লেবেলও প্রদর্শন করা হবে।
মতামত দিন