Views Bangladesh Logo

সেমিফাইনালের আগে ইনজুরিতে গঞ্জালেস, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ইনজুরি শঙ্কায় পড়েছে আর্জেন্টিনা। দলের উইঙ্গার নিকোলাস গঞ্জালেসের চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, যা সেমিফাইনালের আগে লিওনেল স্কালোনির দলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

কোয়ার্টার ফাইনালে বদলি হিসেবে মাঠে নেমে গোড়ালিতে চোট পান গঞ্জালেস। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন দলের চিকিৎসক ও ফিজিওরা। সেমিফাইনালে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত দলের প্রথম অনুশীলনে শুরুতে গঞ্জালেস সতীর্থদের সঙ্গে পুরোপুরি অংশ নেননি। চিকিৎসকদের তত্ত্বাবধানে আলাদাভাবে কাজ করেন এবং কিছু সময় বেঞ্চে বিশ্রাম নেন।

তবে অনুশীলনের শেষ দিকে কিছুটা স্বস্তির খবর পাওয়া যায়। তিনি পরে মার্কোস সেনেসি ও জুলিয়ানো সিমিওনের সঙ্গে হালকা অনুশীলনে অংশ নেন। সীমিত সময়ের জন্য মাঠে ফিরতে পারায় তার সেমিফাইনালে খেলার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি।

সোমবার কানসাসে শেষ অনুশীলন শেষে আটলান্টার উদ্দেশে রওনা হবে আর্জেন্টিনা দল। সেখানে ম্যাচের আগে শেষ প্রস্তুতি নেবেন লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজসহ দলের অন্য ফুটবলাররা।

এখন গঞ্জালেসের শেষ মুহূর্তের ফিটনেস পরীক্ষার দিকেই নজর আর্জেন্টিনা শিবিরের। চিকিৎসকদের ছাড়পত্র পেলে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তাকে মাঠে দেখা যেতে পারে। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে তার ফেরা আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ