মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’-এ থাকবে চার স্তরের সুরক্ষা
মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৮ সালের নির্বাচনের আগে চার স্তরের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘গোল্ডেন ডোম’ চালু করতে যাচ্ছে। এই পরবর্তী প্রজন্মের এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণে খরচ হবে ১৭৫ বিলিয়ন মার্কিন ডলার। ট্রাম্প প্রশাসনের নির্দেশে পেন্টাগন প্রকল্পটি বাস্তবায়ন করছে। হোয়াইট হাউজের দাবি, গোল্ডেন ডোম রাশিয়া বা চীনের মতো দূরবর্তী দেশ থেকে আসা হুমকি প্রতিহত করতে সক্ষম হবে।
বিশ্বের বিভিন্ন উত্তেজনাপূর্ণ অঞ্চলে যেমন ভারত-পাকিস্তান সীমান্ত, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং ইরান-ইসরাইল সংঘাতে আকাশসীমা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। এই কারণে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্ব বাড়ছে।
গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের চার স্তরের মধ্যে একটি সরাসরি সংযুক্ত থাকবে স্যাটেলাইট প্ল্যাটফর্মের সঙ্গে, আর বাকি তিনটি থাকবে স্থলভিত্তিক। নতুন প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের লঞ্চার, ইন্টারসেপ্টর এবং গ্রাউন্ড সিস্টেম ব্যবহার হবে তা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি।
সিস্টেমের বিশেষত্ব হলো ‘বুস্ট ফেস’ মুড, যা বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসা ধীরগতির এবং অদৃশ্য ক্ষেপণাস্ত্রও ধ্বংস করতে সক্ষম। এছাড়া স্পেস বেসড ইন্টারসেপ্টরগুলো অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় দ্রুততম সময়ে মিসাইল বা ড্রোন ধ্বংস করতে সক্ষম।
প্রাথমিকভাবে ইসরাইলের আয়রন ডোমের আদলে গোল্ডেন ডোম তৈরি করার পরিকল্পনা ছিল। তবে জুনে দেখা যায় ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিকবার ব্যর্থ হয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার জন্য ট্রাম্প প্রশাসন গোল্ডেন ডোমকে আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। একশোরও বেশি স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত এই নতুন সিস্টেম রাশিয়া বা চীনের মতো দূরবর্তী দেশ থেকে আসা হামলা প্রতিহত করতে সক্ষম হবে।
গেল মাসে কংগ্রেসের অনুমোদনে ট্রাম্প প্রশাসনের করছাড় ও সরকারি ব্যয় সংক্রান্ত বিলের আওতায় গোল্ডেন ডোমের জন্য ২৫ বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে। এছাড়া প্রেসিডেন্টের বাজেটের আওতায় আরও ৪৫ বিলিয়ন ডলার খরচ হবে প্রকল্পের বিভিন্ন ধাপ বাস্তবায়নে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে