Views Bangladesh Logo

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতনের শঙ্কা

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রে সুদহার বাড়ার আশঙ্কার প্রভাবে চলতি সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের শঙ্কা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় ৩ দশমিক ২ শতাংশ কমেছে, যা গত ১ জুনের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। জুন মাসে মূল্যস্ফীতির নিম্নমুখী প্রবণতা স্বর্ণবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব ফেললেও মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় সেই প্রভাব স্থায়ী হয়নি।

শুক্রবার স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯৮৮ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে। তবে দিনের শুরুতে দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়। একই সময়ে আগস্টে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৯৯২ ডলারে স্থির ছিল।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি এখনও স্বর্ণবাজারকে প্রভাবিত করছে। তবে বর্তমানে মূল্যস্ফীতি এবং বন্ডের মুনাফা (ইল্ড) নিয়ে উদ্বেগই স্বর্ণের দাম চাপে রাখার প্রধান কারণ।

বিশ্লেষকদের মতে, তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়ে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদহার বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়। উচ্চ সুদহারের পরিবেশে বিনিয়োগকারীরা সাধারণত বেশি মুনাফা পাওয়া যায় এমন সম্পদের দিকে ঝুঁকে পড়েন। ফলে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের চাহিদা কমে যায়।

অন্যদিকে, স্পট মার্কেটে রুপার দাম ০ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫৫ দশমিক ২২ ডলারে, প্লাটিনামের দাম ০ দশমিক ৭ শতাংশ কমে ১ হাজার ৬০৫ দশমিক ৬২ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৪৪ দশমিক ৮৬ ডলারে নেমেছে। সপ্তাহ শেষে এই তিনটি মূল্যবান ধাতুর দামও নিম্নমুখী থাকার আভাস মিলেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ