Views Bangladesh Logo

যানজটে পড়ে জিএম কাদেরের বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা

যানজটে পড়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের ঢাকা থেকে সড়ক পথে পৈতৃক নিবাস রংপুরে পৌঁছাতে লেগেছে ২২ ঘন্টা।

তিনি রংপুরে ঈদ উদযাপন করতে এবং পশু কোরবানি দেওয়ার জন্যই রংপুরে এসেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিমানেই ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে আসার কথা ছিল জিএম কাদেরের। কিন্তু বিরূপ আবহাওয়া এবং বিমান ছাড়ার অনিশ্চয়তার জন্য মঙ্গলবার দুপুর পৌনে ২টায় নিজের গাড়িতে করেই ঢাকার বাসা থেকে ব্যক্তিগত সহকারী আবু তৈয়বকে সঙ্গে নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন। ঢাকা থেকে আসার পথে চন্দ্রা এরপর টাঙ্গাইল, সিরাজগঞ্জেই তাকে গাড়িতে বসেই রাত কাটাতে হয়। ওই সব এলাকায় ভয়াবহ যানজট ছিল, ফলে তাকে যানজটে আটকা পড়ে থাকতে হয়।

বুধবার সকালে বগুড়া থেকে রংপুরের দুই ঘণ্টার পথ পাড়ি দিতে ছয় ঘণ্টারও বেশি সময় লেগেছে। রংপুর নগরীর পৈতৃক নিবাস নিউ সেনপাড়ায় অবস্থিত স্কাই ভিউ বাসায় এসে পৌঁছান বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে। তারপর জাতীয় পার্টির জেলা ও মহানগর নেতারা তাকে রিসিভ করেন।

এ বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা আহ্বায়ক আজমল হোসেন লেবু বুধবার সন্ধ্যায় এ প্রতিনিধিকে জানান, দীর্ঘ ২২ ঘণ্টা ধরে ঢাকা থেকে আসার পথে বিভিন্ন স্থানে যানজটে আটকা পড়ায় শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ