Views Bangladesh Logo

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। যুক্তরাষ্ট্রে তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ায় দাম কমলেও সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হামলার পর সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় অনুযায়ী রাত ১২টা ২৮ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৭ ডলার ৮২ সেন্টে দাঁড়ায়। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৯৭ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৪ ডলার ৮৬ সেন্টে নেমে আসে।

এর আগে মঙ্গলবার উভয় বেঞ্চমার্কের দাম ৩ ডলারের বেশি বেড়ে লেনদেন শেষ হয়েছিল। সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে হামলার পর লোহিত সাগরের ইয়ানবু টার্মিনালে তেল রপ্তানি স্থগিত হওয়ায় বাজারে সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এর পাশাপাশি ইউরোপে অপরিশোধিত তেলের সরবরাহ কমিয়ে দেওয়ার সৌদি সিদ্ধান্তও বাজারে চাপ তৈরি করেছে। ফলে যুক্তরাষ্ট্রে মজুত বৃদ্ধির কারণে তেলের দাম কিছুটা কমলেও সরবরাহ পরিস্থিতির দিকে নজর রাখছেন বাজার পর্যবেক্ষকেরা।

সূত্র: আল জাজিরা

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ