বিশ্ববাজারে আবার বাড়ল জ্বালানি তেলের দাম
পশ্চিম এশিয়ার উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে নতুন অনিশ্চয়তার প্রভাবে আন্তর্জাতিক বাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮২ ডলার ছাড়িয়ে গেছে।
বাজার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ০৪ ডলার বা ৩ দশমিক ৮৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ০৭ ডলার বা ২ দশমিক ৭৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৭ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।
দাম বৃদ্ধির পেছনে অন্যতম কারণ হিসেবে ইরানের একটি প্রস্তাবিত বিলকে ঘিরে উদ্বেগকে দেখা হচ্ছে। ইরানের ফার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির একটি সংসদীয় কমিটি এমন একটি খসড়া বিল পর্যালোচনা করছে, যাতে মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ দেশের জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রমে বাধা দেওয়ার প্রস্তাব রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রস্তাবিত বিধিনিষেধ অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বহন করা পণ্যের মূল্যের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপের বিধানও রাখা হতে পারে।
মতামত দিন