ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ৯৭ ডলার ছুঁইছুঁই
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগাতার বাড়ছে। ভূরাজনৈতিক এই উত্তেজনায় আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দর ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯৭ ডলারের কাছাকাছি পৌঁছায়।
বাজার চিত্র পর্যবেক্ষণ করে দেখা যায়, সকালে ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৬৯ ডলারে এবং মার্কিন ডব্লিউটিআই ক্রুডের দাম শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়ে ৯২ দশমিক ০৩ ডলারে গিয়ে ঠেকে।
আন্তর্জাতিক বাজার বিশ্লেষকদের মতে, সরবরাহের এই অনিশ্চয়তাই মূলত বিশ্ববাজারে তেলের মূল্যে অতিরিক্ত ঝুঁকি ও প্রিমিয়াম যুক্ত রাখছে। মধ্যপ্রাচ্যের এই সরবরাহ সংক্রান্ত ঝুঁকির কারণে বর্তমানে ব্রেন্ট ক্রুড মার্কিন ডব্লিউটিআই ক্রুডের চেয়ে ব্যারেলপ্রতি প্রায় ৪ দশমিক ৬৬ ডলার বেশি দামে বিক্রি হচ্ছে। চলমান সংঘাত যদি আরও বৃদ্ধি পায় কিংবা কোনো জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তবে দুই তেলের মধ্যকার এই মূল্যের পার্থক্য আরও প্রসারিত হতে পারে।
এর আগে গত সপ্তাহেও তেলের বাজারে স্মরণকালের অন্যতম দরবৃদ্ধি প্রত্যক্ষ করা যায়, যা ছিল গত জুলাই মাসের পর থেকে সর্বাধিক। সে সময় ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৬ দশমিক ২৮ ডলারে এবং ডব্লিউটিআই ক্রুডের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৪৮ ডলারে গিয়ে পৌঁছেছিল।
তবে জ্বালানি তেলের দাম বাড়লেও উল্টো চিত্র দেখা গেছে মারবান ক্রুড ও প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে; যেখানে মারবান ক্রুডের দাম ১ দশমিক ৩৬ শতাংশ কমে ১০৩ দশমিক ৩০ ডলার এবং প্রাকৃতিক গ্যাসের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে ২ দশমিক ৯২৯ ডলারে নেমে এসেছে।
মূলত বৈশ্বিক তেল সরবরাহের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবাহী ট্যাংকার চলাচল চরম অনিশ্চয়তার মুখে পড়ার কারণেই দরসংকট জোরালো হয়েছে। ১০ দিনের গড় অনুযায়ী যেখানে প্রতিদিন গড়ে অন্তত ১৩টি জাহাজ প্রণালিটি অতিক্রম করে, সেখানে মাত্র চারটি জাহাজ পথটি পার হতে পারার চিত্র সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে। যদিও মার্কিন কর্মকর্তাদের দাবি, এমন পরিস্থিতির মাঝেও একদিনে সর্বোচ্চ ১৭ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়েছে।
সূত্র: গালফ নিউজ
মতামত দিন