বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলারের বেশি কমলো
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দর ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়ে ৮৭ দশমিক ৬৯ ডলারে নেমেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলে ১ দশমিক ৩০ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এর আগে গত বুধবার প্রকাশিত ওপেকের মাসিক তেল বাজার সংক্রান্ত প্রতিবেদনে সংস্থাটি ২০২৬ সালের জন্য বৈশ্বিক তেল চাহিদার প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেলে নামিয়ে আনে।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থারও (আইইএ) ধারণা, চলতি বছর তেলের চাহিদা প্রতিদিন ১৬ লাখ ব্যারেল পর্যন্ত হ্রাস পেতে পারে, যেখানে তাদের আগের পূর্বাভাসে কমার হার ধরা হয়েছিল দৈনিক ১০ লাখ ব্যারেল।
আইইএ জানায়, হরমুজ প্রণালিতে তৈরি হওয়া সংকটের কারণে জ্বালানি সরবরাহে কড়াকড়ি এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধি তেলের চাহিদা কমিয়ে দিয়েছে।
এদিকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ বন্ধে ইরান ও আমেরিকার মধ্যে চলমান আলোচনা এখন পর্যন্ত কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে পারেনি। বুধবার ইরানের একজন জ্যেষ্ঠ সূত্র জানায়, গত জুনে সম্মত হওয়া অন্তর্বর্তী চুক্তি কার্যকর করা এবং এর সময়সীমা নির্দিষ্ট করার লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।
সূত্র: আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া
মতামত দিন