ট্রাম্পের হুমকির পর আবারও বাড়ল তেলের দাম, ব্যারেল ছাড়াল ১১০ ডলার
হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের অবকাঠামোয় হামলার হুমকির পর বিশ্ববাজারে আবারও তেলের দাম বেড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সতর্কবার্তার জেরে সোমবার (৬ এপ্রিল) সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে যায়।
এশিয়ার বাজারে সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৮৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই তেলের দাম ১১২ ডলারের ঘর অতিক্রম করে ১১২ দশমিক ৪০ ডলারে পৌঁছায়।
এর আগে রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে ফেব্রুয়ারির শেষ দিক থেকেই তেহরান হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে অঞ্চলটি থেকে তেল ও গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্বের মোট জ্বালানি পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই সরু জলপথ দিয়ে হয়ে থাকে। ফলে সেখানে কোনো ধরনের বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং বৈশ্বিক মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা তৈরি হয়।
এদিকে উত্তেজনার মধ্যেও ওপেকপ্লাস মে মাসে দৈনিক ২ লাখ ৬ হাজার ব্যারেল উৎপাদন বাড়াতে সম্মত হয়েছে। তবে সংঘাতের কারণে কয়েকটি সদস্য দেশ উৎপাদন বাড়াতে সক্ষম না হওয়ায় এই সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে