ট্রাম্পের ‘ইরান যুদ্ধ দ্রুত শেষ’ হওয়ার ইঙ্গিতে বিশ্ববাজারে কমেছে তেলে দাম
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হতে পারে’ বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।
সোমবার (৯ মার্চ) চার বছরের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর মঙ্গলবার তেলের দাম নিম্নমুখী হয়। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৯.৫০ ডলারে পৌঁছালেও দিন শেষে তা দ্রুত কমে ৯৮.৯৬ ডলারে নেমে আসে।
গত ২৪ ঘণ্টায় বৈশ্বিক বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যায়। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই প্রথম বেঞ্চমার্ক অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার অতিক্রম করে। এর প্রভাবে এশিয়া ও ইউরোপের প্রধান শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়। নিউইয়র্কের ওয়াল স্ট্রিটেও লেনদেনের শুরুতে চাপ লক্ষ করা যায়।
এমন পরিস্থিতিতে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধ ‘প্রায় শেষ হওয়ার পথে’। তার এই মন্তব্যের পর বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে।
তেলের দাম কমার প্রভাব এশিয়ার শেয়ারবাজারেও দেখা গেছে। মঙ্গলবার লেনদেন শুরুর পর জাপানের নিক্কেই ২২৫ সূচক প্রায় ২.৮ শতাংশ বেড়েছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচকেরও ৫ শতাংশের বেশি উত্থান হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এশিয়ার অনেক দেশ উপসাগরীয় অঞ্চলের তেলের বড় আমদানিকারক। ফলে জ্বালানি তেলের উচ্চমূল্যের কারণে কয়েকদিন ধরে এসব দেশের বাজারে চাপ ছিল। তেলের দাম কমায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি পেয়েছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে