বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়ল, ৮ জুনের পর সর্বোচ্চ
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত খনিজ তেলের দাম ফের হু-হু করে বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে নতুন করে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দর গত জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৯৩ ডলার বা ২ শতাংশ বেড়ে ৯৬ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ৮ জুনের পর ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ দামর।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৪৪ ডলার বা ১.৭ শতাংশ বেড়ে ৮৮.২৭ ডলারে কেনাবেচা হচ্ছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে চালানো সামরিক হামলা এবং লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তেলবাহী জাহাজে আক্রমণের পরপরই তেলের বাজারে এই উর্ধ্বগতি দেখা দেয়। এর ফলে মধ্যপ্রাচ্যজুড়ে ভূ-রাজনৈতিক ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিতিশীলতা এবং জ্বালানি পরিবহনের কৌশলগত নৌপথগুলোর নিরাপত্তা নিয়ে তৈরি হওয়া আশঙ্কাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম ক্রমাগত বাড়িয়ে চলেছে।
উল্লেখ্য, এর আগের লেনদেন সেশনেও ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়ে ৯৪.০৭ ডলারে স্থায়ী হয়েছিল। একই সময়ে ডব্লিউটিআই-এর দামও প্রায় ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছিল, যা বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হওয়ার বিষয়ে বিনিয়োগকারীদের মধ্যে গভীর উদ্বেগের বিষয়টিই ফুটিয়ে তোলে।
মতামত দিন