Views Bangladesh Logo

বিশ্বজুড়ে সামরিক ব্যয় বেড়েছে প্রায় ৩ শতাংশ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে নতুন আর্থিক ও সামরিক সাহায্য বন্ধ করে রাখায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৭ দশমিক ৫ শতাংশ কমলেও ২০২৫ সালে বিশ্বজুড়ে সামরিক ব্যয় ২ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

সংঘাত বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) সোমবার প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

এসআইপিআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের মোট সামরিক ব্যয় দাঁড়িয়েছে ২ দশমিক ৮৯ লাখ কোটি ডলার। এতে বিশ্বজুড়ে সামরিক ব্যয় বৃদ্ধির ধারা টানা ১১ বছর ধরে অব্যাহত থাকল। এই ব্যয় বিশ্বের মোট জিডিপির ২ দশমিক ৫ শতাংশ, যা ২০০৯ সালের পর সর্বোচ্চ।

প্রতিবেদনে এসআইপিআরআই বলেছে, বর্তমান সংকটগুলোর ব্যাপ্তি ও অনেক দেশের দীর্ঘমেয়াদি সামরিক ব্যয়ের লক্ষ্য বিবেচনায় এই বৃদ্ধির ধারা ২০২৬ সাল এবং তার পরেও অব্যাহত থাকতে পারে।

সামরিক ব্যয়ে শীর্ষ তিন দেশ যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার সম্মিলিত ব্যয় ১ দশমিক ৪৮ লাখ কোটি ডলার, যা বিশ্বের মোট ব্যয়ের ৫১ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের জন্য নতুন সামরিক সহায়তা মঞ্জুর না করায় ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় কমে ৯৫ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। এর আগের তিন বছরে দেশটি ইউক্রেনকে সামরিক সহায়তা হিসেবে ১২ হাজার ৭০০ কোটি ডলার দিয়েছিল। তবে এসআইপিআরআই মনে করে, এই হ্রাস স্বল্পস্থায়ী হতে পারে। ২০২৬ সালের জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদিত ব্যয় এক লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে এবং ২০২৭ সালে তা আরও বেড়ে এক লাখ ৫০ হাজার কোটি ডলার হতে পারে।

২০২৫ সালে বৈশ্বিক সামরিক ব্যয় বৃদ্ধিতে মূল অবদান রেখেছে ইউরোপ। ওই বছর মহাদেশটির সামরিক ব্যয় ১৪ শতাংশ বেড়ে ৮৬ হাজার ৪০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। চার বছর ধরে যুদ্ধের মধ্যে থাকা রাশিয়া ও ইউক্রেনের সামরিক ব্যয়ও বাড়তে থাকছে। অন্যদিকে গাজা যুদ্ধ শেষ হওয়ায় ২০২৫ সালে ইসরায়েলের ব্যয় ৪ দশমিক ৯ শতাংশ কমে ৪ হাজার ৮৩০ কোটি ডলারে এবং ইরানের সামরিক ব্যয় টানা দ্বিতীয় বছরের মতো ৫ দশমিক ৬ শতাংশ কমে ৭৪০ কোটি ডলারে নেমেছে।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ