Views Bangladesh Logo

বিশ্বে খাদ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্বজুড়ে খাদ্যের দাম আবারও বাড়তে শুরু করেছে। আগস্টে আন্তর্জাতিক খাদ্যমূল্য সূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে এফএওর খাদ্যমূল্য সূচক দাঁড়িয়েছে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে। জুলাইয়ে সংশোধিত সূচক ছিল ১৩০ দশমিক ৮ পয়েন্ট। অর্থাৎ এক মাসের ব্যবধানে আন্তর্জাতিক খাদ্যমূল্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ইউরোপের তীব্র তাপপ্রবাহ ও খরা, এশিয়ায় এল নিনোর সম্ভাব্য প্রভাব এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতা কৃষিপণ্যের সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি করেছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক খাদ্যবাজারে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খাদ্যের দাম বৃদ্ধির এই প্রবণতা বাজারে ঝুঁকি ফিরে আসার একটি সতর্কসংকেত। জলবায়ু পরিবর্তনের অভিঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহনব্যবস্থায় বিঘ্ন সরবরাহ ঘাটতির ঝুঁকি বাড়িয়ে তুলছে।

আগস্টে শস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের মূল্যসূচকই বেড়েছে। ইউরোপের প্রতিকূল আবহাওয়া ভুট্টা ও বিট থেকে চিনি উৎপাদন এবং গবাদিপশু পালনে নেতিবাচক প্রভাবের আশঙ্কা তৈরি করেছে। একই সময়ে এশিয়ায় এল নিনোর সম্ভাব্য প্রভাবে পাম তেল ও চিনি উৎপাদন নিয়েও উদ্বেগ বেড়েছে।

এফএও জানিয়েছে, আগস্টে শস্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। চিনির মূল্যসূচকও উল্লেখযোগ্যভাবে বেড়েছে—আগস্টে ১১ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

এদিকে পৃথক এক প্রতিবেদনে এফএও ২০২৬ সালের বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাসও কমিয়েছে। জুলাইয়ের পূর্বাভাসের তুলনায় উৎপাদন ৩৪ লাখ মেট্রিক টন কমিয়ে ২৯৮ কোটি টন ধরা হয়েছে। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বৈশ্বিক শস্য উৎপাদন ২ শতাংশ কমতে পারে।

এফএও বলছে, এমনটি হলে ২০১৮ সালের পর এক বছরে বৈশ্বিক শস্য উৎপাদনে সবচেয়ে বড় পতন হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে বিঘ্ন এবং ইরানকে ঘিরে সংঘাতের কারণে সার সরবরাহের ওপর তৈরি হওয়া চাপও বৈশ্বিক খাদ্যবাজারে নতুন ঝুঁকি তৈরি করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ