বিশ্ববাজারে তেলের দাম ১০১ ডলার ছাড়াল
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়ের কারণে তেল উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কার পাশাপাশি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় দাম বেড়েছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ৯৩ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৫১ ডলারে উঠেছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৯২ শতাংশ বেড়ে ৯০ দশমিক ২৫ ডলারে উঠেছে।
যুক্তরাষ্ট্রের তেল উৎপাদনকারী এলাকাগুলোর দিকে শক্তিশালী একটি ঝড় এগিয়ে আসায় উৎপাদন ও সরবরাহে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি সৌদি আরবে ইরান-সমর্থিত হুথিদের হামলার পর মধ্যপ্রাচ্যের উত্তেজনাও বাজারে অনিশ্চয়তা বাড়িয়েছে।
এ অবস্থায় মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা চলছে। তবে বাড়তি সরবরাহ এখন পর্যন্ত তেলের দামে বড় কোনো প্রভাব ফেলতে পারেনি।
আবহাওয়াজনিত ঝুঁকি ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে। এতে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা
মতামত দিন