মধ্যপ্রাচ্যে উত্তেজনায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়াল
মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক অস্থিরতা, বাণিজ্যিক জাহাজে হামলা এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়াল। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানা ছয় মাস ধরে চলা সংঘাতের জেরে ওই অঞ্চলের সমুদ্রপথে জাহাজ চলাচলে সাম্প্রতিক হামলার ঘটনা ঘটায় বৈশ্বিক তেল সরবরাহে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন আন্তর্জাতিক ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০১ দশমিক ৩৪ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৫৫ ডলারে বিক্রি হচ্ছে।
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্বজুড়ে তেলের মজুত কমতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা বাড়িয়েছে। সংস্থাটি জানিয়েছে, চলতি বছর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের গড় দাম ব্যারেলপ্রতি প্রায় ৯১ ডলার হতে পারে, যা তাদের আগের অনুমানের চেয়ে প্রায় ৫ শতাংশ বেশি।
একইসঙ্গে চলতি বছরে ডব্লিউটিআই ক্রুডের গড় মূল্য ব্যারেলপ্রতি ৮৪ দশমিক ৬৫ ডলারে পৌঁছাতে পারে বলে ধারণা করছে ইআইএ, যা তাদের পূর্ববর্তী হিসাবের চেয়ে ৫ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে। তবে সংস্থাটির এই প্রতিবেদনটি মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক চরম উত্তেজনা ছড়িয়ে পড়ার ঠিক আগে, গত ৩ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা
মতামত দিন