পাঁচ বছর ধরে থমকে আছে বৈশ্বিক জলবায়ু উদ্যোগ, উষ্ণতা ২.৬ ডিগ্রি বাড়ার শঙ্কা
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গত পাঁচ বছরে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বিভিন্ন দেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে ঘাটতি এবং পরিবেশ রক্ষায় নেওয়া ইতিবাচক উদ্যোগের বিপরীতে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত থাকায় পরিস্থিতির উন্নতি ঘটেনি। ফলে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার প্রকাশিত স্বাধীন গবেষণা সংস্থা ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। সম্মেলনে বৃহস্পতিবারও বিশ্বনেতাদের জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০১৫ সালে প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর প্রথম পাঁচ বছরে বিভিন্ন দেশের উদ্যোগের ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাস ১ ডিগ্রি সেলসিয়াস কমানো সম্ভব হয়েছিল। তবে পরবর্তী পাঁচ বছরে সেই অগ্রগতি আর বাড়েনি। ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকার বলছে, জলবায়ু সুরক্ষায় কিছু ইতিবাচক পদক্ষেপ নেওয়া হলেও একই সময়ে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও নিঃসরণ বাড়ায় সেসব উদ্যোগের সুফল অনেকটাই নষ্ট হয়েছে।
জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণে কার্বন নিঃসরণ কমানো প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি দেশ জাতীয়ভাবে নির্ধারিত অবদান বা এনডিসির মাধ্যমে নিজস্ব নিঃসরণ কমানোর পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা ঘোষণা করে। তবে দেশগুলোর অঙ্গীকার বাস্তবায়নের গতি ও পদ্ধতিতে পার্থক্য রয়েছে।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, বিদ্যমান অঙ্গীকার বাস্তবায়িত হলেও চলতি শতাব্দীর শেষ নাগাদ শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (৪ দশমিক ৭ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বাড়তে পারে। ২০২৪ ও ২০২৫ সালের পূর্বাভাসের সঙ্গে এ হিসাবের কোনো পরিবর্তন হয়নি। অর্থাৎ গত বছর দেশগুলোর নতুন করে দেওয়া জলবায়ু প্রতিশ্রুতিও উষ্ণতা বৃদ্ধির পূর্বাভাসে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি।
প্রতিবেদনের প্রধান লেখক ও ক্লাইমেট অ্যানালিটিকসের জলবায়ুনীতিবিষয়ক বিশ্লেষক সারাহ হেক বলেন, বর্তমান উদ্যোগ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য যথেষ্ট নয়। জলবায়ু সংকট মোকাবিলায় দেশগুলোকে তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা আরও বাড়াতে হবে।
এদিকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে বুধবার কপ-৩১ সম্মেলনে বিশ্বনেতাদের সতর্ক করেছেন বিভিন্ন দ্বীপরাষ্ট্রের প্রতিনিধিরা। তাঁদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক দ্বীপরাষ্ট্রের ভূখণ্ড ও জনবসতি মারাত্মক ঝুঁকিতে পড়বে।
মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হেইন বলেন, নতুন করে তেলের কূপ খনন কিংবা কয়লা উত্তোলনের প্রতিটি ঘটনা তাঁর দেশের ভবিষ্যতের জন্য হুমকি তৈরি করছে। নতুন জীবাশ্ম জ্বালানির সন্ধানকে উদ্যাপনের বিষয় হিসেবে না দেখে বরং উদ্বেগের কারণ হিসেবে বিবেচনা করা উচিত।
তিনি আরও বলেন, কোনো দেশেরই প্রতিবেশীকে দূষিত করার অধিকার নেই। জলবায়ু সংকটের ভয়াবহতা উপলব্ধি করে এখনই বিশ্ববাসীকে সচেতন হতে হবে।
নিজের দ্বীপের প্রবালপ্রাচীরের পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরে হেইন জানান, চলতি বছর জুলাইয়ে তিনি যেসব প্রবালপ্রাচীর দেখেছিলেন, সেগুলো ছিল উজ্জ্বল ও প্রাণবন্ত। কিন্তু কয়েক মাসের ব্যবধানে সেগুলোর রং বিবর্ণ হয়ে সাদা হয়ে গেছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রবালের এমন বিবর্ণ হয়ে যাওয়াকে তিনি উদ্বেগজনক পরিস্থিতির উদাহরণ হিসেবে তুলে ধরেন।
হেইনের মতে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করার আশঙ্কা তৈরি হওয়ায় এখন বিশ্বের প্রতিক্রিয়াও হতে হবে নজিরবিহীন ও ব্যাপক। কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে পরিচিত পৃথিবীকে হারানোর ঝুঁকি তৈরি হবে।
তাঁর সঙ্গে একই উদ্বেগ প্রকাশ করেছেন তুভালু, বাহামা, অ্যান্টিগুয়া ও বারবুডা এবং নিউইয়ের নেতারাও। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করছেন তাঁরা।
জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য উন্নত রাষ্ট্রগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বার্বাডোজের প্রধানমন্ত্রী মিয়া মোটলি। তাঁর মতে, কেবল অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব শেষ করার সুযোগ নেই। ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং পরিবর্তিত জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নিতে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে প্রয়োজনীয় অর্থ বাস্তবে দিতে হবে।
বুধবার সম্মেলনে বিশ্বনেতাদের উদ্দেশে মোটলি বলেন, অর্থ দেওয়ার প্রতিশ্রুতি আর প্রকৃত অর্থ পরিশোধ এক বিষয় নয়। অথচ আগের তুলনায় বর্তমানে প্রতিশ্রুত অর্থের পরিমাণও ৭০ শতাংশ কমে গেছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্মেলনে নেতাদের করতালি কিংবা সমর্থন প্রকাশের মধ্য দিয়ে জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত কোনো দেশের একটি বাড়িও পুনর্নির্মাণ করা সম্ভব হয়নি।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়াতে উন্নত রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতির পাশাপাশি কার্যকর অর্থায়ন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
মতামত দিন