Views Bangladesh Logo

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা: রিজভী

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ ও মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশনের নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেন।

রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলেও বাংলাদেশ ডক্টরস অ্যাসোসিয়েশন জনসেবামূলক কর্মকাণ্ড থেকে কখনো সরে যায়নি। এ কারণে সংগঠনটির চিকিৎসকদের চাকরিচ্যুতি, পদোন্নতি বঞ্চিত করা, দুর্গম এলাকায় বদলি এবং বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়েছে। এরপরও তারা নিজেদের পেশাগত ও রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি।

শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন হত্যা ও দুর্নীতির মামলায় বিচার চলছে উল্লেখ করে রিজভী বলেন, এসব মামলার কয়েকটিতে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের মতো শাস্তির বিধান রয়েছে। তিনি বর্তমানে বাংলাদেশ থেকে পলাতক আসামি হিসেবে ভারতে অবস্থান করছেন। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার চিঠি দিলেও ভারত এখনো এ বিষয়ে কোনো জবাব দেয়নি।

রিজভী বলেন, এমন একজন পলাতক আসামিকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া দুই দেশের পারস্পরিক আস্থা ও সম্মানের সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনের লক্ষ্যে কাজ করছে। প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের জন্য সংসদীয় কমিটি গঠন, বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ এবং জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মতো বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে।

এমন পরিস্থিতিতে পলাতক আসামি শেখ হাসিনাকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অসম্মানজনক বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ